মানবতাবিরোধী জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, সাংবাদিকদের মতো আগামীকাল রায় (শেখ হাসিনার মামলার রায়) নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। ট্রাইব্যুনাল কী রায় দেবে সেটা তো আমরা জানি না। তবে রায় যাই দিক, সেটা কার্যকর হবে এবং জনগণ এটা মেনে নেবে।
উপদেষ্টা বলেন, নির্বাচনটা যেন ফ্রি-ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর হয়—এ আশা রয়েছে। এ বিষয়ে মাঠ প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে এবং নিচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বলব না, খুবই খারাপও বলব না, তবে সন্তোষজনক সেটা বলব। স্বাধীনতার পরে এখন পর্যন্ত আইনশৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো কেউ বলেনি, সবসময় নেগেটিভ দিকে থাকে। তবে বর্তমানে সন্তোষজনক। আর বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোটাই প্রস্তুত।