জুলাইয়ে অভ্যুত্থানের ২০২৪ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কীভাবে ফেরত আনা হবে— এমন প্রশ্নই এখন আলোচিত।
সরকারের আইন উপদেষ্টা বলছেন, ভারতে চিঠি দেওয়া হবে। আর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ভারতকে তাদের ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, পলাতকদের ফেরত আনার দুটি পথ রয়েছে। এছাড়া আইনি পথও দেখিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
রায়ের পর প্রতিক্রিয়া জানান চিফ প্রসিকিউটর ও আইন উপদেষ্টা। বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সচিবালয়ে বলেন, আমি আজকে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনাকে এ দেশে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে, বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটি শত্রুতা—একটি অত্যন্ত নিন্দনীয় আচরণ।