বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে হওয়া গণ অভ্যুত্থানে করা মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের প্রধান নেতা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার করা অনুরোধ পর্যালোচনা করছে ভারত।
বুধবার (২৬ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। খবর রয়টার্সের।
তিনি বলেন, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য সম্প্রতি নতুন একটি অনুরোধ পাঠিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর এই অনুরোধ করা হয়।
ভারতের একটি অজ্ঞাত স্থানে গত দেড় বছর ধরে অবস্থান করছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এর আগে দুই দফায় তাকে ফেরত চেয়ে চিঠি দিলেও দিল্লি কখনো আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি। তবে এবারই প্রথমবারের মতো প্রত্যর্পণ–সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি প্রকাশ করেছে দেশটি।