
অনিবন্ধিত স্মার্টফোন বন্ধ হওয়ার শঙ্কা উড়িয়ে দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার মাহমুদ হোসেন বলেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু হলে ব্যবসায়ীদের কাছে থাকা, আগামী মাসের শুরুতে এ বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হবে। সেখানে অনিবন্ধিত স্মার্টফোনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন বলছেন, বাজারে থাকা এমন স্মার্টফোনের সংখ্যা ৫০ লাখ। এসব হ্যান্ডসেটের ট্যাক্সের বিষয়টি নিষ্পত্তির জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেওয়া হয়েছে। সেটগুলো নেটওয়ার্কে নিতে ডিসেম্বরের শুরুতে সরকারের সেই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআরের গুরুত্ব বিষয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন।
অবৈধ ফোন বন্ধ করা, প্রতারণা এড়ানো এবং সরকারের রাজস্ব বাড়াতে আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালু হবে জানিয়ে বিটিআরসি কমিশনার মাহমুদ হোসেন বলেন, মোবাইল ফোনের মাধ্যমে সাধারণ মানুষের প্রতারিত হওয়ার সুযোগ বন্ধ হওয়া উচিত। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমাদের দায়িত্ব সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়।
বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, এনইআইআর চালু হলে দেশের নেটওয়ার্কে নিবন্ধনহীন বা আন-অফিসিয়াল মোবাইল সেটের ব্যবহার বন্ধ হবে। গত ২৯ অক্টোবর বিটিআরসিতে সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এনইআইআর ব্যবস্থা চালু হলে অবৈধভাবে আমদানিকৃত বা নকল মোবাইল সেট ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ হবে। এর ফলে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি থেকে রক্ষা পাবে এবং দেশে মোবাইল উৎপাদন শিল্প আরও সুরক্ষিত হবে।
এনইআইআর চালুর উদ্যোগে দেশের মোবাইল ফোন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলছিলেন, এই ব্যবস্থা ব্যবসায়ীদের বিশাল ক্ষতির মুখে ঠেলে দেবে।

Leave a Reply